প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চূড়ান্ত লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী: আজ প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৮টি আসনে চূড়ান্ত প্রতিযোগিতায় থাকছেন মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত ৩০৫ জন প্রার্থী সরে দাঁড়ানোয় এই সংখ্যা চূড়ান্ত হয়েছে।

 

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।

 

ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ২৯৮টি আসনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। প্রার্থীদের বড় একটি অংশ দলীয় হলেও উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। এর আগে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৮৯৬ জন। সে তুলনায় এবার প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কিছুটা বেড়েছে।

 

তবে পাবনা-১ ও পাবনা-২ আসনে আদালতের নির্দেশনায় সংশোধিত তফসিল কার্যকর হওয়ায় এই দুই আসনের প্রার্থীদের তথ্য এখনো মূল তালিকায় যুক্ত হয়নি।

 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তীতে বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করলে শুনানি শেষে ৪৩১ জন তাদের প্রার্থিতা ফিরে পান। সবশেষে প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন প্রার্থী সরে দাঁড়ালে ভোটের মাঠে থাকছেন মোট ১ হাজার ৯৬৭ জন।

 

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ভোটারদের অংশগ্রহণ বাড়াতে কমিশন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রচারণাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম যেন না ঘটে, সে বিষয়ে কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছে ইসি।

 

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনায় পাবনা-১ ও পাবনা-২ আসনে নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশোধিত সময়সূচিতে গত রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাবনা-১ আসনে ৭টি এবং পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্ধারিত প্রক্রিয়া শেষে এই দুই আসনের প্রার্থীরাও মূল নির্বাচনী প্রতিযোগিতায় যুক্ত হবেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা