মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিনের সুপারিশের ভিত্তিতে ১০-দলীয় জোটের শরিক হিসেবে এনসিপির মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, দিনাজপুর-৫ আসনে মো. আব্দুল আহাদ, রংপুর-৪ ও কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নাটোর-৩ আসনে অধ্যাপক (অব.) এস এম জার্জিস কাদের, সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাঈফ মোস্তাফিজ, পিরোজপুর-৩ আসনে মো. শামীম হামিদী, টাঙ্গাইল-৩ আসনে সাইফুল্লাহ হায়দার এবং ময়মনসিংহ-১১ আসনে জাহিদুল ইসলাম এনসিপির প্রার্থী হয়েছেন।
মুন্সিগঞ্জ-২ আসনে মাজেদুল ইসলাম, ঢাকা-৮ আসনে মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯ আসনে জাবেদ মিয়া রাসিন, ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল এবং ঢাকা-২০ আসনে প্রকৌশলী নাবিলা তাহসিন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া নরসিংদী-২ আসনে গোলাম সারোয়ার (তুষার), গাজীপুর-২ আসনে আলী নাছের খান, নোয়াখালী-২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার, নোয়াখালী-৬ আসনে হান্নান মাসউদ এবং লক্ষ্মীপুর-১ আসনে মাহবুব আলমকে প্রার্থী করা হয়েছে।
চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল হাসান আরিফ, বান্দরবান আসনে আবু সাঈদ মো. সুজাউদ্দিন, নারায়ণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল আমিন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আশরাফ উদ্দিন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আতাউল্লাহ এনসিপির হয়ে নির্বাচনে লড়বেন।
তালিকায় আরও রয়েছেন— কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাস, নেত্রকোণা-২ আসনে ফাহিম রহমান খান পাঠান এবং রাজবাড়ী-২ আসনে জামিল হিজাযী।
দলীয় সূত্র জানায়, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী এসব প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাবেন।