ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতজন শীর্ষ নেতার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সূত্র জানায়, দলের নেতাদের নিরাপত্তা চেয়ে গত সপ্তাহে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করেন। ওই আবেদনে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি সংসদ সদস্য পদপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।
আবেদন পর্যালোচনার পর নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিরাপত্তার আওতায় আসা জামায়াতের সাত নেতা হলেন— দলটির আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, মুজিবুর রহমান, হামিদুর রহমান আযাদ এবং মাওলানা রফিকুল ইসলাম খান।
নির্দেশনায় বলা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।