প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

বুধবার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন প্রতিবেদন জমা: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা পুনর্নির্ধারণসংক্রান্ত সুপারিশ সম্বলিত প্রতিবেদন বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় জমা দিতে যাচ্ছে বেতন কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন হস্তান্তর করা হবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের উপস্থিতিতে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সদস্যদের সঙ্গে নিয়ে প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেবেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এ তথ্য নিশ্চিত করেন। তবে প্রতিবেদন জমার আগেই এর সুপারিশ ও বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন।

তিনি জানান, বেতন কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনটির গুরুত্বপূর্ণ দিকগুলো প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সামনে উপস্থাপন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো আংশিকভাবে আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার প্রস্তাব রয়েছে। আর পুরো কাঠামো বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে।

বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। নতুন কাঠামোয় এটি দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ গ্রেডে বিদ্যমান ৭৮ হাজার টাকার বেতন বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকার বেশি করার সুপারিশ রয়েছে। বেতন ব্যবধান ১:৮ অনুপাতে রাখার কথাও প্রতিবেদনে উল্লেখ আছে।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন ও ভাতা খাতে অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। এটিকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

বেতন কমিশনের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত কাঠামো পুরোপুরি কার্যকর করতে বছরে অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা