প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফল জানানো হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বড় অংশই উত্তীর্ণ হতে পারেননি। মোট পরীক্ষার্থীর প্রায় ৯৩ শতাংশ অকৃতকার্য হয়েছে। এবছর এই ইউনিটে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৭ দশমিক ২৯ শতাংশ।

ভর্তি দপ্তরের তথ্য অনুযায়ী, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৭ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৭.২৯ শতাংশ। এছাড়া নিয়মভঙ্গের কারণে ৫ জন পরীক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে।

চলতি বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন ছিল ২ হাজার ৯৩৪টি। এসব আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ১ লাখ ৭ হাজার ৭১২টি। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন ভর্তিচ্ছু।

শিক্ষা বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, মানবিক শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখা থেকে ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪৬৩ জন শিক্ষার্থী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা