প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াত প্রার্থী তালাবদ্ধ: মনোনয়ন প্রত্যাহার করতে দেবেন না এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬

মনোনয়ন প্রত্যাহারের উদ্দেশ্যে বের হওয়ার সময় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল হোসেনকে তারই কর্মী ও সমর্থকরা অবরুদ্ধ করে রেখেছেন—এমন অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার পর হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার একটি বাড়িতে তাকে নিয়ে তালাবদ্ধ করে রাখা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রশিবির নেতার দাবি।

কর্মী-সমর্থকদের বক্তব্য, ১০ দলীয় ঐক্যজোটের সমঝোতা অনুযায়ী এলডিপির প্রার্থী নেয়ামুল বশিরকে বাদ দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে। এ দাবিতেই তারা মাওলানা আবুল হোসেনকে মনোনয়ন প্রত্যাহারে বাধা দিচ্ছেন বলে জানা গেছে।

তবে অবরুদ্ধ থাকার অভিযোগের মধ্যেই মাওলানা আবুল হোসেনের স্বাক্ষর করা মনোনয়ন প্রত্যাহারপত্র তার কয়েকজন কর্মীর মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত মোট তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর ফলে জেলার পাঁচটি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে।

জেলা রিটার্নিং অফিসারের সহকারী কমিশনার বিশাল দাস জানান, চাঁদপুর-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী তোফায়েল আহমেদ ও জাকের পার্টির প্রার্থী নুরুল ইসলাম সশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করেন। এছাড়া চাঁদপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী রাশেদা আক্তারও মনোনয়ন প্রত্যাহার করেছেন।

জামায়াত ও এলডিপির প্রার্থী নিয়ে উদ্ভূত পরিস্থিতি বর্তমানে চাঁদপুর জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ১০ দলীয় ঐক্যজোটের সমঝোতার অংশ হিসেবে চাঁদপুর-১ ও চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের বিষয়টিও আলোচনায় রয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা