প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফাঁকা থাকা ৩ আসনে এনসিপির প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতার আওতায় নির্ধারিত ৩০টি আসনের মধ্যে অবশিষ্ট ৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির মিডিয়া সেল প্রধান মাহবুব আলম।

তিনি জানান, ফাঁকা থাকা আসনগুলোতে নেত্রকোনা–২ থেকে ফাহিম পাঠান, মৌলভীবাজার–৪ থেকে প্রীতম দাশ এবং রাজবাড়ী–২ আসনে জামিল হিজাযী এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি সংসদীয় আসনে দলের প্রার্থীদের নাম ও ছবি প্রকাশ করা হয়। ওই পোস্টারগুলোতে দলীয় প্রতীক ‘শাপলা কলি’তে ভোট চাওয়ার আহ্বান জানানো হয়।

ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকা–১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর–৪ এ সদস্য সচিব আখতার হোসেন, কুমিল্লা–৪ এ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১ এ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা–৮ এ মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী–৬ আসনে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও ঢাকা–৯, ঢাকা–১৮, ঢাকা–১৯, ঢাকা–২০, নারায়ণগঞ্জ–৪, মুন্সিগঞ্জ–২, লক্ষ্মীপুর–১, সিরাজগঞ্জ–৬, নরসিংদী–২, বান্দরবান, চট্টগ্রাম–৮, ব্রাহ্মণবাড়িয়া–২ ও ৩, দিনাজপুর–৫, নোয়াখালী–২, কুড়িগ্রাম–২, ময়মনসিংহ–১১, টাঙ্গাইল–৩, গাজীপুর–২, পিরোজপুর–৩ এবং নাটোর–৩ আসনে এনসিপির প্রার্থীরা ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করবেন।

উল্লেখ্য, এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয়। যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুতে এই ঐক্যে থাকার কথা জানালেও শেষ পর্যন্ত তারা এককভাবে ২৬৮ আসনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বাকি আসনগুলোতে অন্যান্য দলকে সমর্থনের ঘোষণা দেয়।

এই নির্বাচনী জোটের শরিক হিসেবে এনসিপি মোট ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা