প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

নিকার সভায় অনুমোদন হলো নতুন চার থানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬

দেশের প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে তিনটি নতুন থানা স্থাপন এবং একটি থানা পুনর্বিন্যাসের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে রাজস্ব, স্বাস্থ্য ও নারী-শিশু বিষয়ক মন্ত্রণালয় কাঠামোয় গুরুত্বপূর্ণ সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিকারের প্রথম সভা।

সভায় গাজীপুরের পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জের পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজারের মাতারবাড়ী এলাকায় তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়। পাশাপাশি নরসিংদীর রায়পুরা থানাকে পুনর্বিন্যাস করে আরও একটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সভায় অর্থ উপদেষ্টা ও আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাসহ সরকারের ছয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ মোট ১৪ জন সচিব ও সিনিয়র সচিব সভায় অংশ নেন। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি আলাদা প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন পেয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।

এছাড়া ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একীভূত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়, যদিও ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

পরিবেশগত গুরুত্ব, পর্যটন সম্ভাবনা এবং অর্থনৈতিক বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে ঘোষণার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা