প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জোটের প্রার্থী পরিবর্তন মেনে নিচ্ছে না এলাকাবাসী: জামায়াত নেতার বাড়িতে অবস্থান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬

নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। এমন পরিস্থিতিতে মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও উত্তেজনা।

জোটগত সমঝোতার অংশ হিসেবে এ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বেলালকে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নানের মনোনয়ন প্রত্যাহারের কথা থাকলেও স্থানীয় সাধারণ মানুষের বাধার কারণে তা বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজনগর উপজেলার দত্তগ্রামে আব্দুল মান্নানের নিজ বাড়িতে অবস্থান নেন স্থানীয় বাসিন্দা ও সমর্থকেরা। তাদের দাবি, জোটের প্রার্থী পরিবর্তন মেনে নেওয়া হবে না এবং জামায়াতের প্রার্থী আব্দুল মান্নানকেই নির্বাচনে থাকতে হবে। এজন্য তাকে মনোনয়ন প্রত্যাহার করতে না দেওয়ার ঘোষণা দেন তারা।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের শুরু থেকেই আব্দুল মান্নান এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে আসছিলেন। হঠাৎ করে প্রার্থিতা প্রত্যাহারের সম্ভাবনার খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন তার সমর্থকরা। অবস্থানকারীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তারা তার সঙ্গে কাজ করছেন এবং তাকে ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার আগ্রহ নেই।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী গণমাধ্যমকে বলেন, জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আমাদের প্রার্থী মাঠে কাজ করছিলেন। তবে জোটগত সিদ্ধান্তের কারণে এই আসনে প্রার্থী পরিবর্তনের বিষয়টি এসেছে। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই।

আব্দুল মান্নানের ছেলে ডা. তানভীর জানান, দীর্ঘ সময় ধরে তার বাবা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করেছেন। এ কারণেই সকাল থেকে এলাকাবাসী ও কর্মীরা বাড়িতে এসে অবস্থান নিয়েছেন, যাতে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন। তিনি আরও জানান, সেখানে কোনো দলীয় নেতা উপস্থিত নেই; অবস্থানকারীরা সবাই স্থানীয় বাসিন্দা ও কর্মী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা