আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০-দলীয় জোটের নির্বাচনী ঐক্যের চূড়ান্ত আসন বণ্টন সম্পন্ন হয়েছে। সর্বশেষ সমঝোতা অনুযায়ী, জোটের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ২১৫টি আসনে প্রার্থী দিচ্ছে। বাকি ৮৫টি আসন ভাগ করে নেওয়া হয়েছে জোটের অন্যান্য শরিক দলগুলোর মধ্যে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে জামায়াত ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪৭টি আসন সংরক্ষিত রাখা হয়েছিল।
তবে শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ওই আসনগুলো পুনর্বিন্যাস করা হয়। নতুন বণ্টন অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টি এবং খেলাফত মজলিস ১২টি আসনে প্রার্থী দেবে।
এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও নেজামে ইসলাম পার্টির জন্যও নির্দিষ্ট আসন চূড়ান্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর বিকেলে জোটের পক্ষ থেকে একক প্রার্থী ও উন্মুক্ত আসনগুলোর পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলনের সরে দাঁড়ানোর ফলে জামায়াতের আসন সংখ্যা বাড়লেও জোটের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতে শরিক দলগুলোকেও তুলনামূলকভাবে উল্লেখযোগ্য আসন দেওয়া হয়েছে।