প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াতের পলিসি সামিটে যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যসহ ৩০ দেশের প্রতিনিধির অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পলিসি সামিট–২০২৬-এ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই সামিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

জামায়াতের বিদেশ বিভাগের একজন দায়িত্বশীল নেতা জানান, সকাল থেকেই বিভিন্ন দেশের কূটনৈতিক ও প্রতিনিধিদল সামিটে উপস্থিত হতে থাকেন। ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, মালদ্বীপ, ব্রুনাই ও শ্রীলঙ্কাসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধি এতে অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

সামিটের সূচনা পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন শুধু টিকে থাকা নয়, বরং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা। নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিও তিনি তুলে ধরেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মূলত রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার ধারাবাহিক সংগ্রাম। ১৯৪৭ সালের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন দেখা হয়েছিল, তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে শাসনব্যবস্থার ব্যর্থতা ও কর্তৃত্ববাদী চর্চার ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে, জবাবদিহিতা কমেছে এবং নাগরিক অধিকার সীমিত হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, নিজেদের অধিকার ও ভবিষ্যৎ পুনরুদ্ধারের দাবিতে আবারও সোচ্চার হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘একটি ফ্যাসিবাদী অধ্যায়ের অবসান ঘটিয়ে দেশ এখন গণতান্ত্রিক রূপান্তরের গুরুত্বপূর্ণ এক পর্যায়ে দাঁড়িয়ে আছে। তবে সামনে এগিয়ে যেতে এখনও বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা