প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচন সামনে রেখে সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক দিকনির্দেশনা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা ও সুসংহত ভবিষ্যৎ নিশ্চিত করা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পলিসি সামিট–২০২৬ অনুষ্ঠানে কূটনীতিক, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, শিল্পোদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মূলত রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা অর্জনের দীর্ঘ সংগ্রাম। ১৯৪৭ সালের স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ন্যায়ভিত্তিক সমাজ ও অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখা হয়েছিল, তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি অভিযোগ করেন, গত দেড় দশকে শাসনব্যবস্থার ব্যর্থতা ও কর্তৃত্ববাদী চর্চার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে, জবাবদিহিতা কমেছে এবং নাগরিক অধিকার সংকুচিত হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, নিজেদের অধিকার পুনরুদ্ধারের দাবিতে আবারও সোচ্চার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদী শাসনের একটি অন্ধকার সময় পার করে দেশ এখন গণতান্ত্রিক রূপান্তরের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। তবে সামনে এখনও বহু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

অর্থনীতির বিষয়ে তিনি বলেন, প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থানের গুণগত মান কমে গেছে। বেকারত্ব ও মূল্যস্ফীতি মানুষের জীবনকে কঠিন করে তুলছে। অধিকাংশ মানুষ অনানুষ্ঠানিক ও অনিরাপদ পেশায় যুক্ত, আর শিক্ষিত তরুণদের বড় একটি অংশ কর্মক্ষেত্রে প্রবেশে ব্যর্থ হচ্ছে। নারীরাও সমান সুযোগ পেতে নানা বাধার সম্মুখীন হচ্ছেন।

তিনি বলেন, কেবল জিডিপি প্রবৃদ্ধি নয়—মানুষের নিরাপত্তা, মর্যাদা এবং ভবিষ্যৎ পরিকল্পনার সক্ষমতাই হওয়া উচিত উন্নয়নের প্রকৃত মানদণ্ড।

সুশাসনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন করা হবে। অতীতে জামায়াত পরিচালিত মন্ত্রণালয়গুলোতে স্বচ্ছতা ও দক্ষতার উদাহরণ ছিল বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র ও নাগরিক, সরকারি ও বেসরকারি খাত এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত উদ্যোগেই বাংলাদেশের টেকসই ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।

শেষে জামায়াত আমির বলেন, ইনসাফ, মর্যাদা ও সমৃদ্ধির ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যাবে না।

তিনি প্রবাসী শ্রমিক ও দেশের শ্রমজীবী মানুষের অবদানের কথা উল্লেখ করে বলেন, জনগণই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। নারীদের পূর্ণ অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়—এটি শুধু ন্যায়ের প্রশ্ন নয়, বরং অর্থনৈতিক প্রয়োজন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা