প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: কাল প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। আজ মঙ্গলবার শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর মধ্য দিয়েই স্পষ্ট হয়ে যাবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কারা মাঠে থাকছেন।

 

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে অংশ নিতে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা প্রাথমিকভাবে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। পরবর্তীতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পেয়ে ৬৪৫ জন আবেদন করেন। আপিল শুনানি শেষে ৪১৯ জন প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পান। অন্যদিকে, বৈধ ঘোষিত তালিকায় থাকা ৬ জনের প্রার্থিতা আপিল প্রক্রিয়ায় শেষ পর্যন্ত বাতিল হয়।

 

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, এত বড় নির্বাচন আয়োজন সত্ত্বেও কমিশন কোনো ধরনের চাপের মুখে কাজ করছে না। তবে বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পাঠানো কিছু পোস্টাল ব্যালট ফেরত আসা কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সঠিক ঠিকানা না পাওয়ায় বিভিন্ন দেশ থেকে প্রায় ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে তিনি জানান।

 

আজকের সময়সীমা শেষ হলে মোট প্রার্থীর সংখ্যা চূড়ান্তভাবে নির্ধারিত হবে। প্রতীক বরাদ্দের পরদিন থেকেই, অর্থাৎ বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারে অংশ নিতে পারবেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা