প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নেত্রকোনায় স্বামী হত্যার মামলায় গৃহবধূর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬

নেত্রকোনার কলমাকান্দায় স্বামীকে হত্যা করার দায়ে রুবিনা আক্তার (২৮) নামের এক গৃহবধূকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম-মুন-মুজুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। নিহত তার স্বামী রুক্কু মিয়া (৩৫), যিনি পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, প্রায় এক দশক আগে রুক্কু মিয়া ও রুবিনা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই কন্যাসন্তান রয়েছে। দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ২০২০ সালের শেষ দিকে রুক্কু মিয়া পরিবারসহ গাজীপুরে গিয়ে একটি পোশাক কারখানায় চাকরি শুরু করেন। পরবর্তীতে রুবিনা গাজীপুরের ভাড়া বাসা ছেড়ে বাবার বাড়ি কৈলাটিতে চলে আসেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১৪ মে ঈদের দিন সন্তানদের দেখতে রুক্কু মিয়া শ্বশুরবাড়িতে যান। সেখানে অবস্থানকালে পরদিন গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে রুবিনা আক্তার কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করেন। ঘটনার পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ভাই আসাদ মিয়া কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা