প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দুর্গম কেন্দ্রে ব্যালট ও নির্বাচন কর্মকর্তাদের পরিবহনে থাকবে হেলিকপ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দুর্গম ভোটকেন্দ্রগুলোতে ব্যালটসহ নির্বাচনী সামগ্রী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে নির্বিঘ্নে ভোটগ্রহণ নিশ্চিত করতে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ব্যালট পেপার, অন্যান্য নির্বাচনী উপকরণ এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আনা–নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা জানান, ভোট প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন বানচাল বা প্রভাবিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ বজায় রাখতে নির্বাচন-পূর্ববর্তী চার দিন সারাদেশে নিবিড় টহল জোরদার করা হবে। বিশেষ করে চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টহল কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা