প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জুলাই আন্দোলনের পর আমার আয় কমেছে: মুগ্ধর ভাই স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬

জুলাই আন্দোলনের পর নিজের আয় কমে গিয়ে আর্থিক অবস্থা আরও সংকটাপন্ন হয়েছে বলে জানিয়েছেন শহীদ মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)-এর ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়েও তীব্র প্রশ্ন তুলেছেন তিনি।

রোববার (১৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মীর স্নিগ্ধ।

ফেসবুক পোস্টে তিনি বলেন, অনেকেই দাবি করেন তিনি কোটি কোটি টাকার মালিক। কিন্তু সেই টাকার অস্তিত্ব দেখাতে পারলে তিনি নিজেই চরম শাস্তি নিতে প্রস্তুত। বরং জুলাই আন্দোলনের আগে ফ্রিল্যান্সিং থেকে মাসে উল্লেখযোগ্য আয় হলেও বর্তমানে সেই আয়ের পথ বন্ধ হয়ে গেছে এবং আর্থিক অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়েছে।

তিনি আরও বলেন, মানুষের মন্তব্য বা অপবাদ নিয়ে তার ভাবনা নেই। মৃত্যুর পর যদি ভাই মুগ্ধর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, সেটাকেই নিজের জীবনের সার্থকতা মনে করেন তিনি।

জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে স্নিগ্ধ বলেন, অনেকেই দাবি করছেন বিচার হয়েছে, কিন্তু বাস্তবে প্রকৃত বিচার এখনো হয়নি। তার ভাষায়, কয়েকজনের বিরুদ্ধে রায় দেওয়া হলেও তাদের অধিকাংশই দেশের বাইরে অবস্থান করায় সেই রায় কার্যকর করা যাচ্ছে না। আর যিনি দেশে আছেন, তাকেও রাজসাক্ষী বানিয়ে তুলনামূলকভাবে হালকা শাস্তি দেওয়া হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, ভাই মুগ্ধসহ প্রায় ১৪শ মানুষের হত্যার দায়ে যারা সরাসরি জড়িত এবং বর্তমানে কারাগারে আছেন, তাদের বিচার কেন এখনো সম্পন্ন হয়নি। একই সঙ্গে হত্যাকারীদের পালাতে সহায়তাকারীদের বিরুদ্ধেও দৃশ্যমান বিচার না হওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।

শহীদ মুগ্ধকে স্মরণ করে স্নিগ্ধ বলেন, আয়নায় নিজের মুখ দেখলেই ভাইয়ের কথা মনে পড়ে যায়। দুই ভাইয়ের চেহারার মিলকে তিনি আল্লাহর কঠিন পরীক্ষার অংশ বলেও উল্লেখ করেন।

রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার রাজনৈতিকভাবে নিশ্চিত করতেই তিনি এই পথে এসেছেন। এ সিদ্ধান্তে অনেকেই অসন্তুষ্ট হলেও, যদি কেউ নিশ্চিত করতে পারেন যে এই দেশে ওই গণহত্যার বিচার হবেই, তাহলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াতেও প্রস্তুত বলে মন্তব্য করেন স্নিগ্ধ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা