ছাত্র সংসদ নির্বাচন বন্ধে আদালতে দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে একে ‘আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, নির্বাচন কমিশন ঘেরাও করা এবং আদালতের মাধ্যমে দলীয় প্রভাব খাটিয়ে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করার চেষ্টা অতীতের ফ্যাসিবাদী রাজনৈতিক চর্চাকেই নতুনভাবে সামনে এনেছে।
তিনি আরও বলেন, ক্যাম্পাসের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করে একটি রাজনৈতিক দল তাদের ভবিষ্যৎ স্বৈরাচারী মানসিকতারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত আদালত ও গণতান্ত্রিক ক্যাম্পাস গঠনের স্বার্থে নির্ধারিত সময়েই শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি।
নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন না হলে ছাত্রসমাজ তা কোনোভাবেই মেনে নেবে না বলেও মন্তব্য করেন ডাকসু ভিপি।