প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাইকোর্টের আদেশে স্থগিত শাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামীকাল ২০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এ আদেশ আসে।

সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচন স্থগিতের আদেশ দেন।

এর আগে নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে নতুন করে জটিলতা তৈরি হয়। নির্বাচনের মাত্র এক দিন আগে বিএনপিপন্থী আটজন শিক্ষক নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেন। প্রশাসনের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে তারা পদত্যাগপত্র জমা দেন।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান পরিস্থিতিতে তারা আর নির্বাচনের দায়িত্ব পালন করবেন না। একইসঙ্গে তিনি অন্য শিক্ষকদেরও নির্বাচন কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে তারা বিব্রত এবং উপাচার্যকেও এ বিষয়ে অবগত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিপুল সংখ্যক শিক্ষকের প্রয়োজন হলেও এই পরিস্থিতিতে তা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

এদিকে শাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী কঠোর ও ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, নির্ধারিত তারিখ অনুযায়ী শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়াই শিক্ষার্থীদের দাবি। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে রাজনৈতিক চাপ, হুমকি কিংবা পেশিশক্তির আশ্রয় নেওয়া হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত এলে ছাত্রশিবির সারাদেশে লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানান তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, শাবিপ্রবির প্রায় ৯ হাজার শিক্ষার্থীর দীর্ঘদিনের প্রত্যাশা শাকসু নির্বাচন। শেষ মুহূর্তে এসে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে, যা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা