প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সালাউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসার জন্য ভিসিকে ছাত্রদলের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও মনোসামাজিক সহায়তার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা সালাউদ্দিন আম্মার নিজেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে ঘটে যাওয়া কয়েকটি উত্তেজনাকর ও অশোভন ঘটনার প্রেক্ষাপটে শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, আজ সোমবার দুপুর ১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রতিটি হল ও অনুষদের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সভাপতি সুলতান আহমেদ রাহী এবং সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম।

এদিকে, একই পোস্টে সালাউদ্দিন আম্মার তার নতুন একটি টিকটক অ্যাকাউন্টের লিংক শেয়ার করে সবাইকে সেখানে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে টানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে সালাউদ্দিন আম্মারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা