তিনটি গুরুত্বপূর্ণ দাবিতে আজও নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করেছে। ব্যারিকেডের সামনে সড়ক আটকে ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এতে ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে।
ছাত্রদলের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে— পোস্টাল ব্যালট সংক্রান্ত চলমান বিতর্কের দ্রুত সমাধান, দায়িত্বশীলতার পরিবর্তে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে নির্বাচন কমিশনের বিরত থাকা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ও হস্তক্ষেপে জারি করা বিতর্কিত প্রজ্ঞাপন বাতিল। ছাত্রদলের মতে, এসব বিষয় কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে।
এর আগে গতকালও ইসি ঘেরাও করে ছাত্রদল। পরে নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠকে বসে সংগঠনটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ কেন্দ্রীয় নেতারা।
বৈঠক শেষে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, কমিশনের কাছে তাদের তিন দফা দাবি উপস্থাপন করা হয়েছে এবং ইসি সেগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে। তবে দাবির বাস্তব অগ্রগতি না হওয়ায় আজকের কর্মসূচি পালন করা হয়। তিনি বলেন, দাবি পূরণ না হলে আগামীকালও একই সময় নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।
ছাত্রদল সভাপতি আরও বলেন, ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে। সে সময় যদি কোনো ধরনের চাপ বা ষড়যন্ত্র করা হয়, তাহলে ছাত্রদল চুপ থাকবে না। কর্মসূচির অংশ হিসেবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নির্বাচন ভবনের সামনের সড়কে অবস্থান নেন নেতা-কর্মীরা।
ছাত্রদলের অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রভাব খাটিয়ে ব্যালট পেপার সংক্রান্ত অনিয়ম ঘটিয়েছে, যা নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তার প্রত্যক্ষ মদদে সংঘটিত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয় সংগঠনটি।