প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসলামী আন্দোলনের নায়েবে আমীরের আসনে প্রার্থী দেবে না জামায়াত জোট 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬

শেষ মুহূর্তে ১১ দলীয় নির্বাচনী সমঝোতা থেকে সরে যাওয়ার পর ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের আসনে জামায়াত জোট কোনো প্রার্থী দেবে না।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, ইসলামী আন্দোলনের পদক্ষেপকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কিছু টেকনিক্যাল কারণে তারা আলাদা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। তাই তাদের সম্মানে এই আসনে আমরা প্রার্থী দিচ্ছি না।

ডা. তাহের আরও অভিযোগ করেন, নিরাপত্তা ও প্রটোকল বিষয়ে সরকার একটি দলের প্রধানকে বাড়াবাড়ি সুবিধা দিচ্ছে। তিনি বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানকেও সমানভাবে প্রটোকল ও নিরাপত্তা দেওয়া উচিত। এছাড়া নির্বাচনকালীন সময়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব বিষয়ক আচরণে ইসির মধ্যে বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে।

তিনি বলেন, একটি দল থেকে ইসিকে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু কমিশনকে সব দলের জন্য সমান নিয়ম প্রয়োগ করতে হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা