প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিরাপত্তা ও প্রটোকলে বৈষম্য হচ্ছে: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬

নিরাপত্তা ও প্রটোকল ইস্যুতে সরকার একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, একটি দলের প্রধানকে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল দেওয়া হচ্ছে— এতে আপত্তি নেই। তবে একই মানদণ্ডে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকেও সমান নিরাপত্তা ও প্রটোকল দিতে হবে। তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো দলের ক্ষেত্রে আলাদা সুবিধা দিলে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়।

নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সময়ে নির্বাচন ঘিরে কিছু অসামঞ্জস্য লক্ষ্য করা যাচ্ছে, যা প্রধান উপদেষ্টার নজরে আনা হয়েছে। তিনি বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব— এই দুইটি বিষয়ে নির্বাচন কমিশনের আচরণে ভিন্নতা দেখা যাচ্ছে। কোথাও একই নিয়ম ভিন্নভাবে প্রয়োগ হচ্ছে।

জামায়াত নায়েবে আমির অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করছে। তবে কমিশনের উচিত সেই চাপ উপেক্ষা করে সব দলের জন্য সমান আইন ও বিধি অনুসরণ করা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা