প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবিতে শুরু হলো শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রতীকী কবুতর উড়িয়ে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ ওসমান হাদি কেবল বক্তব্য কিংবা বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না; তিনি কাজের মাধ্যমে প্রতিরোধের পথ দেখিয়েছেন। ইনকিলাব সেন্টার থেকে শুরু করে দেশজুড়ে মানুষের না বলা কথাগুলো তিনি সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন— কোনো হুমকি বা বিতর্কে না জড়িয়েই।

তিনি আরও বলেন, আধিপত্যবাদী শক্তি ভেবেছিল ওসমান হাদিকে হত্যা করলে তার আদর্শ নিঃশেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো— আজ দেশের প্রতিটি প্রান্তে তার চিন্তা ও আদর্শ ছড়িয়ে পড়েছে। শিশু থেকে বৃদ্ধ— সবাই বলছে, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়াই চালিয়ে যাব।’

বইমেলার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই পাঁচ দিনব্যাপী আয়োজন শুধু একটি বইমেলা নয়; এটি একটি সাংস্কৃতিক প্রতিরোধের মঞ্চ। এখানে রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণ থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, এই বইমেলা দু’টি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, এটি একটি একাডেমিক উদ্যোগের অংশ। দ্বিতীয়ত, এর মাধ্যমে আমরা শহীদ শরিফ ওসমান হাদিকে স্মরণ করছি— যিনি আদর্শ ধারণ করে সর্বোচ্চ আত্মত্যাগের নজির স্থাপন করেছেন।

অনুষ্ঠানে ডাকসুর সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যদের পাশাপাশি তরুণ কলাম লেখক ফোরামের সাবেক সভাপতি সাংবাদিক আমজাদ হোসেন হৃদয়, বর্তমান সেক্রেটারি আব্দুর রহিমসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এই বইমেলা ১৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভারও আয়োজন রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা