লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে একটি ডাকাতির মামলায় প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল, নগদ টাকা ও একটি অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ থানার মামলা নং-০৪ গত ৯ জানুয়ারি অনুযায়ী গত ৮ জানুয়ারি রাত আনুমানিক ২টা ৪০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে সদর উপজেলার ১২নং চরশাহী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লা বাড়িতে ১০–১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ওই বাড়ির দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা ওজনের স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা) এবং ৬টি মোবাইল ফোনসহ মোট ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নেয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ তিনজন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— বাদশা মিয়া (৩৫), আলা উদ্দিন (৩২) এবং আবুল বাশার ওরফে বাশার ডাকাত (৫০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবুল বাশারের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক আসামি রাসেলের বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা এবং জনৈক রনজিত কুরির কারখানা থেকে গলানো অবস্থায় ৬ আনা ৪ রতি স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভবানী জীবনপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি জায়েদ ওরফে জাহেদের বসতঘর থেকে একটি অবৈধ দেশীয় এলজি বন্দুক এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ বলেন, গ্রেফতারকৃত আসামিরা একটি পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে তাদের অন্যান্য সহযোগীদের শনাক্ত করা হয়েছে এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
থানার রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত আবুল বাশার ওরফে বাশার ডাকাতের বিরুদ্ধে নোয়াখালী জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলম জানান, ডাকাতি প্রতিরোধ ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং বাকি আসামিদের দ্রুত গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে।