প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পরিচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়ায় প্রতিবাদে নেমেছেন নারীরা। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে মন্তব্য করার অভিযোগে রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

বটতৈল মোড় থেকে শুরু হওয়া এই মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌড়হাস এলাকায় গিয়ে শেষ হয়। এতে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিলকারীরা বলেন, একজন আলেম ও ধর্মীয় বক্তা হয়ে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের মতে, একজন মৃত মানুষকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী।

এর আগে গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুফতি আমির হামজার দেওয়া ২৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সমালোচনার মুখে মুফতি আমির হামজা নিজের ফেসবুক পোস্টে জানান, সংশ্লিষ্ট বক্তব্যটি ২০২৩ সালের এবং সে সময় তিনি অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি আবারও দুঃখ প্রকাশ করে দাবি করেন, পুরোনো ভিডিও নতুন করে প্রচার করে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে শনিবার কুষ্টিয়া শহরে ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা