প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মিলল পোড়া দুই মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬

সাভারের একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে অগ্নিদগ্ধ অবস্থায় দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, নিহতদের একজন নারী এবং অপরজন একটি ছেলে শিশু হতে পারে। একই স্থান থেকে আগেও একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রয়োজনের তাগিদে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করলে পোড়া মরদেহ দুটি দেখতে পায়। পরে সে দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মরদেহ দুটি মারাত্মকভাবে পোড়া থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগেও একই কমিউনিটি সেন্টার থেকে একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছিল। গত বছরের ২৯ আগস্ট রাতে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া যায়। পরে ১১ অক্টোবর একটি অজ্ঞাত নারীর অর্ধনগ্ন মরদেহ এবং ১৯ ডিসেম্বর দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসব ঘটনায় এখনো কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, যা ঘটনাস্থলটিকে ঘিরে রহস্য আরও গভীর করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা