বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।
দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা করবেন। জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত থাকবেন- নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া এবং আগামী নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে।
বৈঠকটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে।