বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা বিভাগ প্রতিষ্ঠা করা হবে, যা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোর দেখভালের দায়িত্ব পালন করবে।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ব্যর্থ হলে ভবিষ্যতেও জাতিকে শোক আর বেদনার ইতিহাসই বহন করতে হবে। তাই শোক নয়, গণতন্ত্রের বিজয় নিশ্চিত করাই এখন আমাদের লক্ষ্য।
তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যেমন স্বাধীনতা এনে দিয়েছিলেন, ঠিক তেমনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শহীদ ও আহতরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছেন। এই আন্দোলনে অংশগ্রহণকারীরা সবাই জাতির বীর সন্তান।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, আমরা কারও হারানো স্বজন ফিরিয়ে দিতে পারব না, তবে রাষ্ট্রীয়ভাবে শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার গঠন করতে পারলে এই দায়িত্ব বাস্তবায়নে কাঠামোগত উদ্যোগ নেওয়া হবে।
তিনি অভিযোগ করেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজারো মানুষ গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। শুধু জুলাই গণঅভ্যুত্থানেই দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার আহত হয়েছেন, যাদের অনেকেই স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। এ ঘটনাগুলোকে গণহত্যা হিসেবে আখ্যা দেওয়া যায়।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে শহীদ ও আহতদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
বক্তব্যের শেষে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন। পাশাপাশি তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক দলের আন্দোলন নয়; এটি ছিল সর্বস্তরের মানুষের সম্মিলিত গণআন্দোলন, যার লক্ষ্য ছিল জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা।