আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে বাংলাদেশ পুলিশ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মানবিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মাঠপর্যায়ের পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি নিশ্চিত করা যায় না।
নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করবে না। তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রীয় কর্মচারী। পুলিশের প্রধান দায়িত্ব হলো জনগণের সেবা করা এবং ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করা।
নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো ধরনের অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ পুলিশ একটি সাধারণ বাহিনী নয়; এটি রাষ্ট্র ও জনগণের সেবায় নিয়োজিত একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান। নতুন বাংলাদেশ গড়তে হলে পুলিশের ভিত্তি হতে হবে জ্ঞান, নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহি এবং জনবান্ধব আচরণ।