নির্বাচন কমিশন (ইসি) একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনকে বিশেষ সুবিধা প্রদান করছে—এমন অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।রবিবার (১৮ জানুয়ারি) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নেন। সেখানে বক্তব্য দিতে গিয়ে রাকিব এই মন্তব্য করেন।
ব্যালট পেপার নিয়ে অনিশ্চয়তা এবং নির্বাচন কমিশনের ওপর একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাবের প্রতিবাদে ইসি সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করে ছাত্রদল। কর্মসূচিতে সভাপতির বক্তব্যে রাকিবুল ইসলাম অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচনের সিদ্ধান্ত বদলানো হচ্ছে এবং বিশেষ একটি ‘সেটআপ’-এর মাধ্যমে নির্দিষ্ট ছাত্রসংগঠনকে সুবিধা করে দেওয়া হচ্ছে। এতে জাতীয় নির্বাচনেও বড় ধরনের অনিয়মের আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক শক্তির নির্দেশনায় কাজ করছে। বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচনগুলোতে একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনকে সুবিধা দিতে বারবার ভোটের তারিখ পরিবর্তন ও স্থগিত করা হয়েছে।
রাকিব আরও বলেন, আমরা দেখছি, কিছু রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিরা নিয়মিত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছে। তাদের সেখানে কোনো দাপ্তরিক কাজ না থাকলেও তারা নির্বিঘ্নে প্রবেশ করছে এবং প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিজস্ব প্রশাসনিক ‘সেটআপ’ ছাড়া ওই গোষ্ঠী নির্বাচন করতে ভয় পায়। জামায়াতপন্থী ভিসি, প্রক্টর এবং নির্দিষ্ট ওএমআর ব্যবস্থাপনা ছাড়া তারা নির্বাচন করতে অক্ষম—শাবিপ্রবিতে টানা পাঁচ দিন নির্বাচন স্থগিত রাখার ঘটনাই তার প্রমাণ বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হল সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে ছাত্রদল ভালো ফল করছে। এই অগ্রযাত্রা থামাতেই নির্বাচন কমিশনকে ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে তারা মনে করছেন।