ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর শুনানি শেষ দিনে এসে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আজ সকাল থেকেই এই শুনানি কার্যক্রম চলছে।
রোববার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়, যা বেলা ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। আজ নির্ধারিত সূচি অনুযায়ী ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি নেওয়া হচ্ছে। পাশাপাশি পূর্বে মুলতবি থাকা কয়েকটি আপিলের শুনানিও অনুষ্ঠিত হবে।
এর আগে আপিল শুনানির অষ্টম দিনে (শনিবার) মোট ১১২টি আবেদন নিষ্পত্তির জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে নির্বাচন কমিশন ৪৫টি আপিল মঞ্জুর করে। মঞ্জুর হওয়া আবেদনের মধ্যে ৪৩টি ছিল মনোনয়ন বাতিলের বিরুদ্ধে এবং ২টি ছিল মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে। একই দিনে ৩৭টি আপিল আবেদন খারিজ করা হয়, যার মধ্যে ১৩টি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে এবং ২৪টি মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে ছিল।
এদিন শুনানিকালে ৯ জন আপিলকারী তাদের আবেদন প্রত্যাহার করে নেন। এছাড়া ২ জন আপিলকারী শুনানিতে অনুপস্থিত ছিলেন। কমিশন আরও ১৯টি আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রেখেছে।
সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়ন সংক্রান্ত আপিল নিষ্পত্তির সময়সীমা নির্ধারিত রয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।