প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নোয়াখালীতে যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা: এরপর মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মিজানুর রহমান ওরফে রনি (৩৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পরপরই নিহত ব্যক্তিকে ডাকাত আখ্যা দিয়ে একদল যুবক স্থানীয় বাজারে মিষ্টি বিতরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (রাত ১০টা) কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার বাসিন্দা মো. শহীদের ছেলে। তিনি দুই সন্তানের জনক। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, অস্ত্র মামলা ও সরকারি কর্মচারীর ওপর হামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কালিরহাট বাজারে বিএনপির স্থানীয় ওয়ার্ড পর্যায়ের একটি নির্বাচনী বৈঠক চলছিল। এ সময় মিজান সেখানে উপস্থিত হয়ে নিজেকে দলের ত্যাগী কর্মী দাবি করলে নেতাকর্মীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে রাতের দিকে কালিরহাট বাজারের উত্তরে কাজী বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি তাকে আটক করে লাঠি ও লোহার পাইপ দিয়ে বেধড়ক মারধর করে। মাথা ও মুখে গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর মরদেহটি সড়কের ওপর ফেলে রেখে যায় হামলাকারীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা লাঠি ও একটি লোহার পাইপ জব্দ করা হয়েছে। নিহতের পকেট থেকে একটি খেলনা পিস্তল ও একটি ছুরি উদ্ধার করা হয়।

নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশীদ হারুন জানান, বৈঠকে মিজানের সঙ্গে বাকবিতণ্ডা হলেও পরে সে সেখান থেকে চলে যায়। হত্যাকাণ্ড বা মিষ্টি বিতরণের বিষয়ে তিনি অবগত নন বলে দাবি করেন।

তবে ঘটনার পর বাজারে মিষ্টি বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মিজানের বিরুদ্ধে ডাকাতিসহ নানা অপরাধের অভিযোগ থাকায় হত্যার পর মিষ্টি বিতরণ করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা জানান, গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ রোববার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এখনো নিহতের পরিবার কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা