ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় সাড়ে ১২ ঘণ্টা ধরে চলা এই বৈঠকে নির্বাচনসংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি শুরু হয় এবং রাত সাড়ে ৯টার দিকে তা শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমীর ডা. শফিকুর রহমান। এতে নায়েবে আমীরবৃন্দ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
সূত্র জানায়, বৈঠকে কয়েকজন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ এবং জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন। আলোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনি ইশতেহার ও নীতিগত দলিল (পলিসি পেপার), ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, সবার জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া নির্বাচনকে সামনে রেখে প্রচার কার্যক্রম জোরদারের অংশ হিসেবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সফরসূচিও চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি ঢাকায় এবং ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলে তিনি নির্বাচনি কার্যক্রমে অংশ নেবেন।