১১ দলীয় রাজনৈতিক জোটে ইসলামী আন্দোলনের অন্তর্ভুক্তি নিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন একসঙ্গে আলোচনার পর চূড়ান্ত পর্যায়ে এসে কিছু বিষয়ে মতানৈক্যের কারণে ইসলামী আন্দোলন আলাদা সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ১১ দলীয় ঐক্যের ধারাবাহিকতায় তারা অনেক দূর এগিয়েছিলেন। তবে ইসলামী আন্দোলন নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আপাতত আসন সমঝোতার সম্ভাবনা দেখছেন না। ফলে এ মুহূর্তে কোনো সমঝোতার প্রত্যাশা করা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই উল্লেখ করে মামুনুল হক বলেন, নির্বাচনী বাস্তবতা ও জনগণের প্রত্যাশার মুখে ভবিষ্যতে নতুন করে বোঝাপড়ার সুযোগ তৈরি হতে পারে। মাঠ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার পর জনমতের ভিত্তিতে ভাঙা ঐক্য আবারও গড়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
নির্বাচনে ঐক্য বা সমঝোতা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে এখন আর আশাবাদী নন। তবে যেহেতু নির্বাচন এখনও কিছুদিন বাকি, তাই শেষ মুহূর্ত পর্যন্ত সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি।
তিনি আরও জানান, ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় নতুন করে আনুষ্ঠানিক আলোচনার সুযোগ নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। আগামী ১৯ জানুয়ারি যেসব আসনে সমঝোতা হয়েছে, সেগুলোতে শরিক দলগুলোর প্রার্থীরা একসঙ্গে মনোনয়ন প্রত্যাহার করবেন বলেও জানান তিনি।