আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সী এবং ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে এনসিপির আলোচিত নেতা হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতা নিয়ে পাল্টাপাল্টি আপিল দায়ের করা হয়েছিল।
শনিবার শুনানি শেষে নির্বাচন কমিশন মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ফলে এই আসনে তিনি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।