দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে অব্যাহত ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক ও জিম্বাবুয়েতে নদী উপচে পড়া এবং অবকাঠামো ধসে পড়ায় বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ আফ্রিকার লিম্পোপো ও এমপুমালাঙ্গা প্রদেশে বন্যায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। পানিতে তলিয়ে যাওয়া বাড়ির ছাদ ও গাছে আশ্রয় নেওয়া লোকজনকে উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। জিম্বাবুয়ে সীমান্তঘেঁষা একটি চেকপোস্টও বন্যার পানিতে ঘিরে পড়ায় সেখান থেকে নিরাপত্তাকর্মীদের সরিয়ে নিতে হয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা লিম্পোপোর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জানান, এক সপ্তাহেরও কম সময়ে ওই অঞ্চলে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে একটি জেলায় অন্তত ৩৬টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রদেশটির প্রিমিয়ার ফোফি রামাথুবা জানান, লিম্পোপো জুড়ে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।
প্রতিবেশী দেশ জিম্বাবুয়েতে বছরের শুরু থেকেই বন্যায় কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। সেখানে এক হাজারের বেশি বাড়ি বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি বহু স্কুল, সড়ক ও সেতু পানির তোড়ে ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে মোজাম্বিকে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গত বছরের শেষ দিক থেকে চলমান অস্বাভাবিক বর্ষা মৌসুমে সেখানে ১০৩ জনের মৃত্যু হয়েছে। এসব প্রাণহানির মধ্যে রয়েছে বন্যা, বজ্রপাত, অবকাঠামো ধস এবং দূষিত পানির কারণে ছড়িয়ে পড়া কলেরা।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, এই দুর্যোগে মোজাম্বিকে দুই লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে এবং বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, ৭০ হাজার হেক্টরের বেশি কৃষিজমি পানিতে ডুবে যাওয়ায় দেশটিতে খাদ্যসংকট আরও তীব্র হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের ফ্যামিন আর্লি ওয়ার্নিং সিস্টেম জানায়, দক্ষিণ আফ্রিকার অন্তত সাতটি দেশে বন্যা দেখা দিয়েছে বা বন্যার আশঙ্কা রয়েছে, যা লা নিনা আবহাওয়া প্রভাবের সঙ্গে সম্পর্কিত হতে পারে। সাধারণত এই আবহাওয়া পরিস্থিতি অঞ্চলে অতিবৃষ্টির কারণ হয়ে থাকে।
বন্যার প্রভাব পড়েছে দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কেও। সেখানে প্লাবিত এলাকা থেকে প্রায় ৬০০ পর্যটক ও কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও নদী উপচে পড়ায় পার্কটির বড় অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।