প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘আপু’ বলায় ক্ষুব্ধ কালীগঞ্জের ইউএনও: অডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। গভীর রাত পর্যন্ত চলা একটি অনুষ্ঠান বন্ধ করতে গিয়ে ওই ফোনকলে ‘আপু’ সম্বোধন করায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বলে অভিযোগ উঠেছে।

ভাইরাল হওয়া কলরেকর্ডে শোনা যায়, ফোনে ‘আপু’ বলে সম্বোধন করা হলে ইউএনও উত্তেজিত হয়ে বলেন, “আমি আপনার আপু নই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন।” এরপর তিনি অনুষ্ঠান আয়োজনের সময়সীমা লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলায় রয়েল ফুটবল একাডেমির ১০ বছর পূর্তি উপলক্ষে একটি চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে রাত আনুমানিক ১২টার দিকে আয়োজক সংগঠনের সহসভাপতি মেহেরবান মিঠুকে ফোন করেন ইউএনও শামীমা আক্তার জাহান।

ফোনে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মেহেরবান মিঠু জানান, অনুষ্ঠান প্রায় শেষের দিকে এ সময় তিনি ‘আপু’ সম্বোধন ব্যবহার করেন। এতে ইউএনও তাৎক্ষণিকভাবে বিরক্তি প্রকাশ করেন এবং অনুমতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ না করার অভিযোগ তোলেন। তিনি বলেন, অনুমতি নেওয়ার সময় আয়োজকেরা রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথা জানিয়েছিলেন।

ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলা জুড়ে আলোচনা শুরু হয়। এ নিয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ইউএনও শামীমা আক্তার জাহান বলেন, অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলায় তিনি দায়িত্বশীল অবস্থান থেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি দাবি করেন, আয়োজকদের আগেই জানানো হয়েছিল যে নির্বাচনকালীন সময়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন না করাই সমীচীন এবং অনুমতি থাকলেও রাত ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথা ছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা