আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন দেশের ৬৪ জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। শনিবার সকালে রাজধানী ঢাকা থেকে বিভিন্ন জেলায় রওনা দেওয়ার মধ্য দিয়ে মাঠপর্যায়ে তাদের কার্যক্রম শুরু হয়।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের উপপ্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে।
তিনি বলেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা ইইউ মিশনের মূল ভিত্তি। মাঠপর্যায়ে তাদের পর্যবেক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিরপেক্ষ, তথ্যনির্ভর ও ভারসাম্যপূর্ণ মূল্যায়ন প্রস্তুত করা হবে।
ইন্তা লাসে আরও জানান, ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন একটি সুসংগঠিত ও পরীক্ষিত পদ্ধতির মাধ্যমে দেশব্যাপী দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ পরিচালনা করে থাকে, যা নির্বাচন প্রক্রিয়ার সব দিক বিশ্লেষণে সহায়ক।
দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা নিজ নিজ অঞ্চলে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি ঢাকায় অবস্থানরত মূল বিশেষজ্ঞ দলের বিশ্লেষণ কার্যক্রমেও তথ্য সরবরাহ করবেন।
তিনি জানান, পর্যবেক্ষকেরা দুই সদস্যের দল হিসেবে কাজ করবেন। তারা ভোটার, প্রার্থী, নির্বাচন কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক পর্যবেক্ষক ও তরুণ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এ কার্যক্রম শহরের পাশাপাশি উপজেলা ও গ্রাম পর্যায়েও পরিচালিত হবে।
ইইউ কর্মকর্তারা জানান, এই মিশনে ইইউ সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের পর্যবেক্ষকরাও অংশ নিচ্ছেন। মাঠে নামার আগে তাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট, আইনগত কাঠামো, গণমাধ্যম পরিবেশ ও সামাজিক বাস্তবতা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইইউ এই নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠিয়েছে। মিশনের প্রধান পর্যবেক্ষক ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইইয়াবস। তিনি গত ১১ জানুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মিশনের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
নির্বাচনের দিন ঘনিয়ে এলে মিশনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। তখন ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মাঠে নামবেন। তাদের সঙ্গে ইইউ সদস্য রাষ্ট্র, কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের কূটনৈতিক মিশনের পর্যবেক্ষকেরাও যুক্ত হবেন। তারা ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল সংকলন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।
এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের একটি প্রতিনিধিদলও এই মিশনে অংশ নেবে। সব মিলিয়ে পূর্ণ সক্ষমতায় ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনে ২৭টি ইইউ সদস্য রাষ্ট্রসহ কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রায় ২০০ জন পর্যবেক্ষক কাজ করবেন।