সরকারি তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থীর প্রতিষ্ঠিত এডটেক প্রতিষ্ঠান আইসিটি বাংলা ডটকম জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে। ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডস ৩.০ এ বিজনেস ক্যাটাগরিতে ‘ফাস্টেস্ট গ্রোয়িং এডটেক প্ল্যাটফর্ম’ হিসেবে সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর কাকরাইল ভিআইপি রোডে অবস্থিত আইডিবি অডিটোরিয়ামে ওয়ান ওয়ে স্কুল আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
আইসিটি বাংলা ডটকম গড়ে তুলেছেন তিতুমীর কলেজের রসায়ন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী এবং তিতুমীর কলেজ আইটি সোসাইটির প্রাক্তন প্রতিষ্ঠাতা ও সভাপতি আরিফ এম রাজন। শিক্ষাজীবন থেকেই প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়ন ও ক্যাম্পাস উদ্যোক্তা কার্যক্রমে সক্রিয় ছিলেন তিনি।
কলেজে অধ্যয়নকালে আইটি সোসাইটি প্রতিষ্ঠা ও নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তি ও স্কিল ডেভেলপমেন্টে উদ্বুদ্ধ করেন আরিফ এম রাজন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় পরবর্তীতে যাত্রা শুরু করে আইসিটি বাংলা ডটকম।
এই এডটেক প্ল্যাটফর্মটি সময়োপযোগী, স্কিলভিত্তিক ও ক্যারিয়ারমুখী শিক্ষা সহজলভ্য করার লক্ষ্য নিয়ে কাজ করছে। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), এক্সেল, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন আইটি ও ক্রিয়েটিভ স্কিলের ওপর প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে অনলাইন লাইভ ও রেকর্ডেড মিলিয়ে প্রায় ১২টি কোর্স চালু রয়েছে। এসব কোর্সের মাধ্যমে এ পর্যন্ত ১৫ হাজারের বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। শিক্ষার্থী, চাকরিজীবী, উদ্যোক্তা ও গৃহিণীসহ বিশ্বের প্রায় ৬০টি দেশের এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশিও এই প্ল্যাটফর্মের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করেছেন বলে জানা গেছে।
আইসিটি বাংলা ডটকমের উদ্যোক্তা টিমে রয়েছেন— মাজাদুর রহমান রবিন (প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা), আরিফ এম রাজন (সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা) এবং কুহেল আহমেদ (সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা)। বর্তমানে প্রায় ৩৫ সদস্যের একটি টিম প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করছে।