প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল: সালেহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন ১২ তারিখের জাতীয় নির্বাচন অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। অতীতেও দেশে বহু নির্বাচন হয়েছে, তবে এবারের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলও গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ নির্বাচনের সঙ্গে গণভোট ও কাঙ্ক্ষিত সংস্কারের বিষয়ও যুক্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও গণভোট প্রচারে ব্যবহৃত ‘ভোটের গাড়ি সুপার ক্যারাভান’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের জনগণ রাজনৈতিকভাবে সচেতন। দেশের ভবিষ্যৎ ও কল্যাণে কোন সিদ্ধান্ত প্রয়োজন, তা জনগণই নির্ধারণ করবে। যেসব ক্ষেত্রে সংস্কার অপরিহার্য, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

 

তিনি আরও বলেন, অতীতে অনেক ভালো উদ্যোগ নেওয়া হলেও সেগুলোর ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। জনগণের কল্যাণে শুরু করা কাজগুলো ভবিষ্যৎ সরকার যেন এগিয়ে নিয়ে যায়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তার মতে, বাংলাদেশে বিপুল সম্ভাবনা রয়েছে, তবে সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক উদ্যোগ থাকলে দেশ আরও অনেক দূর এগোতে পারত।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

এছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলার ৯টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা