নির্বাচনী জোটে না গিয়ে স্বতন্ত্রভাবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির এই ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত কখনোই আদর্শ থেকে সরে আসেনি কিংবা কোনো রাজনৈতিক দলকে হেয় করেনি।
তিনি জানান, সম্মিলিতভাবে নির্বাচনে এগিয়ে যাওয়ার বিষয়ে একটি ধারাবাহিক আলোচনা চলমান ছিল। তার ভাষ্য অনুযায়ী, জোটভুক্ত ১০টি দলের মধ্যে ইতোমধ্যে ২৫৩টি আসনের বণ্টন চূড়ান্ত হয়েছে। বাকি থাকা ৪৭টি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত নেবে জোটের লিয়াজোঁ কমিটি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আসন সমঝোতা ও রাজনৈতিক আলোচনার প্রতিটি ধাপে পারস্পরিক সম্মান ও স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। কোনো দলকে চাপ প্রয়োগ বা অসম্মান করার প্রশ্নই ওঠে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মনোনয়ন দাখিলের পরও কিছু বিষয়ে সিদ্ধান্ত বাকি থাকায় ধাপে ধাপে আলোচনার পথ বেছে নেওয়া হয়। এ লক্ষ্যে লিয়াজোঁ কমিটি মাঠপর্যায়ের বাস্তবতা, দলগুলোর সাংগঠনিক অবস্থান, প্রার্থীর গ্রহণযোগ্যতা এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তির অবস্থান বিবেচনায় নিয়ে একাধিক জরিপ বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। এ প্রক্রিয়ায় আট থেকে দশটি জরিপ মূল্যায়ন করা হয়েছে বলে জানান তিনি।
তার বক্তব্য অনুযায়ী, আসন বণ্টন ছিল সম্মিলিত সিদ্ধান্তের ফল। কিছু আসন একসঙ্গে ঘোষণা করা হলেও কয়েকটি বিষয়ে মতপার্থক্য থাকায় সময় নিয়ে ধারাবাহিক আলোচনা চালানো হয়েছে। গত কয়েক দিনে দীর্ঘ বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।