প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খালেদা জিয়ার স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৬

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পূর্বনির্ধারিত এই শোকসভা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

 

দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থলে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি বাড়তে থাকে। শোকসভায় অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ খালেদা জিয়ার পরিবারের সদস্যরা।

 

এ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতৃবৃন্দ শোকসভায় উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরাও। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র আমন্ত্রণপত্রপ্রাপ্ত অতিথিদেরই অনুষ্ঠানস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

 

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শোকসভা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে নাগরিক সমাজের পক্ষে বক্তব্য দেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

 

তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন। সেই আবেগ ও সম্মান থেকেই নাগরিক সমাজের উদ্যোগে এই শোকসভার আয়োজন করা হয়েছে। তিনি শোকসভার পবিত্রতা ও গাম্ভীর্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

 

ড. মাহবুব উল্লাহ আরও জানান, এই আয়োজন কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়। শোকসভায় বক্তব্য রাখছেন বিভিন্ন পেশার বিশিষ্টজন—গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও অন্যান্য পেশাজীবীরা। রাজনৈতিক দলের নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকলেও তারা মঞ্চে বক্তব্য দেবেন না।

 

তিনি বলেন, দর্শনগতভাবে মানুষের অনেক কর্মকাণ্ডই রাজনীতির সঙ্গে যুক্ত হলেও এই শোকসভা মূলত নাগরিক উদ্যোগ হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মানবিকতা ও শ্রদ্ধাই মুখ্য।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা