রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন— ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) এবং তার ছেলে রাহাব (১৭)। এছাড়া হারেসের স্ত্রী ও রাহাবের মা এবং আরও একজনের মৃত্যু হয়েছে, তবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, নিহত পাঁচজনের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য—স্বামী, স্ত্রী ও সন্তান। তারা ভবনটির পাঁচতলায় ভাড়া থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি আরও বলেন, নিহতদের সবার পরিচয় নিশ্চিত করতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৭টা ৫৮ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।