স্থগিত হওয়ার শঙ্কা পেরিয়ে অবশেষে পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটারদের বয়কট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরীণ টানাপোড়েনের পর আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছেছে সংশ্লিষ্ট পক্ষগুলো। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএলের ম্যাচ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন উপস্থিত ছিলেন।
বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে তার পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচে অংশ নেননি ক্রিকেটাররা। তবে পরবর্তীতে আলোচনা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান জানান, বয়কট হওয়া ম্যাচগুলো শুক্রবার অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বিসিবি কর্মকর্তারা বৈঠকে বসেন। পরে রাত সাড়ে ১০টার দিকে ক্রিকেটারদের সঙ্গেও পৃথক বৈঠক হয়। এসব বৈঠকের পরই বিপিএল পুনরায় শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, নোয়াখালী এক্সপ্রেস–চট্টগ্রাম রয়্যালস ম্যাচটি শুক্রবার দুপুর ২টায় এবং রাজশাহী ওয়ারিয়র্স–সিলেট টাইটানস ম্যাচটি সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। শুক্রবারের পূর্বনির্ধারিত ম্যাচগুলো স্থানান্তর করা হয়েছে শনিবারে এবং শনিবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রোববার।
এছাড়া ১৯ জানুয়ারির এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ একদিন পিছিয়ে ২০ জানুয়ারি আয়োজন করা হবে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন বক্তব্যের মাধ্যমে বিতর্কের সূত্রপাত করেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। এই মন্তব্যকে কেন্দ্র করেই ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
পদত্যাগের দাবি ওঠার পর তিনি বিসিবির পরিচালক পদে বহাল থাকলেও পরে তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কোয়াব আনুষ্ঠানিক বিবৃতি দেয়।
এদিকে কোয়াবের সংবাদ সম্মেলনে বিপিএল বয়কটের পেছনে আরও কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—ঢাকা ক্রিকেটের চলমান সংকট সমাধান, নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফিক্সিং সংশ্লিষ্ট অঘোষিত নিষেধাজ্ঞার বিষয়গুলো। এসব ইস্যুতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বিসিবি।