প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নাজমুলকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যহতি দিচ্ছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬

ক্রিকেটারদের জোরালো দাবির পর বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, নাজমুল নিজে পদত্যাগ না করলে তাঁকে বোর্ড পরিচালকের পদ থেকে সরানোর সুযোগ নেই। বিসিবির সংবিধানে বলা আছে মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাভঙ্গজনিত শাস্তি, দেউলিয়া হওয়া, টানা তিনটি সভায় অনুপস্থিত থাকা অথবা স্বেচ্ছায় পদত্যাগ ছাড়া কোনো পরিচালকের পদ শূন্য হয় না। এসব শর্তের কোনোটিই নাজমুল ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব ছাড়াও নাজমুলকে বোর্ডের অন্যান্য কার্যক্রম থেকে কার্যত দূরে রাখা হবে। বর্তমানে অর্থ কমিটির দায়িত্ব ছাড়া তাঁর হাতে আর কোনো কার্যকর দায়িত্ব নেই।

বিসিবির গঠনতন্ত্রে ক্রিকেটারদের জন্য আচরণবিধি থাকলেও পরিচালকদের জন্য সুনির্দিষ্ট কোনো আচরণবিধি নেই। অন্য দেশের ক্রিকেট বোর্ডে পরিচালকদের আচরণবিধি থাকলেও বিসিবিতে তা না থাকায় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে সরাসরি ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।

ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির মাধ্যমে বোর্ডে আসা নাজমুল ইসলাম প্রথমবারের মতো বিসিবির পরিচালক হন। সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে দেওয়া কিছু আপত্তিকর মন্তব্য এবং এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তাঁকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়।

এর প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন কোয়াব কঠোর অবস্থান নেয়। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, নাজমুল পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না। এর ফলেই মিরপুরে বিপিএলের দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়নি, দ্বিতীয় ম্যাচ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।

পরে বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াব জানায়, বোর্ড যদি ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলকে বিসিবির বাইরে রাখার প্রতিশ্রুতি দেয়, তাহলে ক্রিকেটাররা খেলা চালিয়ে যাবেন। এই অবস্থানের পরই অর্থ কমিটির প্রধান পদ থেকে নাজমুলকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত আসে। এখন শেষ সিদ্ধান্ত নির্ভর করছে ক্রিকেটারদের প্রতিক্রিয়ার ওপর—সন্ধ্যার বিপিএল ম্যাচ মাঠে গড়ায় কি না, সেটিই দেখার বিষয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা