আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসন (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ফিরে পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মিজানুল হক চৌধুরী। এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় ত্রুটির অভিযোগে বাতিল হওয়া তার মনোনয়ন নির্বাচন কমিশনের আপিল শুনানিতে বৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) এই সিদ্ধান্ত দেয়। কমিশন সূত্র জানায়, সমর্থকের তালিকায় কিছু অসঙ্গতির কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন। পরে আপিলের প্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে কমিশন প্রার্থিতা বৈধ বলে রায় দেয়।
মনোনয়ন ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুল হক চৌধুরী বলেন, কারিগরি কিছু ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল হয়েছিল। আপিল শুনানির মাধ্যমে সেই জটিলতার অবসান হয়েছে এবং এখন তিনি পুরোপুরি বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। এ সময় তিনি চট্টগ্রাম-১৪ আসনসহ সারা দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি। প্রতীক বরাদ্দের আগে প্রচারণা চালানো আচরণবিধির লঙ্ঘন হবে। প্রতীক পাওয়ার পর সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করেন তিনি। নিরপেক্ষ প্রশাসনের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশনে ধারাবাহিকভাবে আপিল শুনানি চলছে। এদিন ৩৮১ থেকে ৪৮০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে ইসি।