আসন বণ্টনকে কেন্দ্র করে দীর্ঘ আলোচনা ও নাটকীয়তার পর ১১ দলীয় জোট থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোটের একাধিক শরিক দলের নেতা জানিয়েছেন, টানা বৈঠক ও মধ্যস্থতার চেষ্টা সত্ত্বেও সমঝোতায় পৌঁছানো সম্ভব না হওয়ায় দলটি ভিন্ন সিদ্ধান্তের পথে এগোচ্ছে।
জানা গেছে, আজ দুপুরের মধ্যেই জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসে পরবর্তী করণীয় চূড়ান্ত করবেন। এরপর এর আগে স্থগিত থাকা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
গত কয়েক দিনে ইসলামী আন্দোলনের সঙ্গে জোটের শরিকদের একাধিক দফা আলোচনা হয়। সর্বশেষ খেলাফত মজলিসের একাংশের আমির মাওলানা মামুনুল হক চরমোনাই পীরের সঙ্গে যোগাযোগ করে মধ্যস্থতার উদ্যোগ নিলেও তা ফলপ্রসূ হয়নি।
জোটের শরিক ও জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে—বর্তমান পরিস্থিতিতে জোটে থাকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দলটি অন্তত ৮০টি আসনে নির্বাচন করতে আগ্রহী ছিল বলেও সূত্রগুলো উল্লেখ করেছে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, জোট নেতাদের আজকের বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। অপরদিকে খেলাফত মজলিসের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জোটের অন্যান্য শরিক দল ঐক্য বজায় রাখার বিষয়ে একমত এবং প্রয়োজনে কিছু আসনের পুনর্বিন্যাস করা হলেও তাতে জোটে বড় কোনো সমস্যা হবে না।