প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বৃহস্পতিবার থেকে আবারও জেঁকে বসতে পারে শীত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬

দেশের বিভিন্ন এলাকায় আবারও শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরের দিকে কয়েকটি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে শীতের প্রভাব অনুভূত হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সীমান্তবর্তী এলাকাগুলোতে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। ভোর ৬টার মধ্যে দেশের প্রায় ৮ থেকে ১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

তিনি আরও উল্লেখ করেন, একই সময়ে দেশের অন্যান্য জেলাগুলোতে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও শীতের অনুভূতি বজায় থাকবে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে—আগামী দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর সঙ্গে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। এই শীতল প্রবণতা ১৬ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের ভাষ্য অনুযায়ী, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যা শীতের এই পরিবর্তনে ভূমিকা রাখছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা