প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমাণ ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬

যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে আসা মাছবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ অবৈধ ইলিশ মাছ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বিজিবির দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট এলাকায় অভিযান চালিয়ে এ চালানটি আটক করা হয়।

কাস্টমস সূত্র জানায়, ভুয়া ঘোষণা দিয়ে ইলিশ আমদানির মাধ্যমে বিপুল অঙ্কের শুল্ক ফাঁকির চেষ্টা করা হচ্ছিল—এমন তথ্য পেয়ে ভারতীয় দুটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ৫৩ কাটনে মোট ৫ হাজার ৯৪৩ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে ছিল জান্নাত এন্টারপ্রাইজ এবং রপ্তানিকারক ছিল আরজে ইন্টারন্যাশনাল। তবে শুল্ক ফাঁকি দিয়ে ইলিশ পাচারের চেষ্টায় জড়িত ছিল আলোচিত একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান। জব্দ করা ইলিশের চালানটি বর্তমানে নিলাম প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাস্টমস।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী ও কাস্টমসের একটি অংশের যোগসাজশে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই প্রায় ১ হাজার কোটি টাকার বেশি রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, শুল্কফাঁকিতে জড়িতরা ধরা পড়লেও বিভিন্ন কৌশলে আবার ব্যবসায় সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে।

এ বিষয়ে বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা উদ্ভব চন্দ্র পাল জানান, সাধারণত ইলিশ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হলেও এবার উল্টো চিত্র দেখা গেছে, যা বিষয়টিকে আরও সন্দেহজনক করে তুলেছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা