ভারতের সংগীত জগতে নতুন শোকের ছায়া নেমেছে। কিংবদন্তি সংগীতশিল্পী ভূপেন হাজারিকার ছোট ভাই, বর্ষীয়ান শিল্পী সমর হাজারিকা আর নেই।মঙ্গলবার (১৩ জানুয়ারি) আসামের নিজারাপুরে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সমর হাজারিকা এবং হাসপাতাল থেকে সম্প্রতি বাড়ি ফিরে আসেন।
সমর হাজারিকা আসামের সাংস্কৃতিক পরিসরে একটি স্বতন্ত্র পরিচয়ের অধিকারী ছিলেন। তার বোন মনীষা হাজারিকা বলেন, “এই ক্ষতির জন্য আমরা প্রস্তুত ছিলাম না।”
শিল্পী সমর হাজারিকার সংগীতচর্চা বহু বছর ধরে চলছিল। তিনি অসংখ্য জনপ্রিয় অ্যালবাম প্রকাশ করেছেন এবং অসমিয়া সিনেমার জন্য গান গেয়েছেন। তিনি সংগীত পরিচালক হিসাবেও কাজ করেছেন। তার অন্যতম জনপ্রিয় গান ‘এ যে রণঙ্গনোর কাহিনি’ দেশের সৈনিকদের আত্মত্যাগ এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার এক মর্মস্পর্শী স্তুতি হিসেবে অনুরণিত হয়।
সমর হাজারিকা তার বড় ভাই ভূপেন হাজারিকার সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভূপেন হাজারিকাকে নিয়ে বিভিন্ন উদ্যোগেও তিনি নিবিড়ভাবে জড়িত ছিলেন।